গাইবান্ধা প্রতিনিধি : বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাংগা গ্রামে প্রথম স্ত্রী মর্জিনা ও শিশু কন্যা তসলিমাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় ঘাতক বাবা আশরাফুল ইসলামসহ তার দ্বিতীয় স্ত্রী মোমিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান, দীর্ঘদিন আগে আশরাফুল ইসলামের সঙ্গে পাশের এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে মর্জিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায় সময় যৌতুকের টাকা নেয়ার জন্য আশরাফুল মর্জিনাকে চাপ দিতে থাকেন। তসলিমা নামে একটি কন্যা সন্তান থাকার পরেও তাদের সংসারে এ নিয়ে কলহ লেগেই থাকতো। কিন্তু তার পরেও মর্জিনা তার গরীব বাবার কাছে টাকা আনতে না যাওয়ায় আশরাফুল ক্ষুদ্ধ হয়ে মোমিনা নামে আরেকটি মেয়েকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর সংসারে অশান্তি আরও বেড়ে যায় । স্বামী ও শ্বশুর শাশুড়ির চোখের কাল হয়ে দাড়ায় ছেলের বড় বউ মর্জিনা ও তার শিশু সন্তান। দীর্ঘদিন ধরে তাকে হত্যার জন্য নানা পথ খুঁজতে থাকেন তারা।
এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে মর্জিনা তার শিশু কন্যাকে নিয়ে ঘরে মধ্যে ঘুমিয়ে পড়লে বাইরে থেকে কে বা কারা ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে মর্জিনা ও তার শিশু কন্যা তসলিমা আগুনে পুড়ে মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুল ইসলাম ও মোমিনা বেগমকে গ্রেপ্তার করে ।

