কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের সাবরাং থেকে তালিকাভুক্ত মানবপাচারকারী রশিদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদ আলম (৪৫) সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবদুল জলিলের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তার রশিদ আলম সমুদ্র পথে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিল। তিনি তালিকাভূক্ত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রশিদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

