সিরাজগঞ্জ প্রতিনিধি : চাঞ্চল্যকর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন ও প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ জাফরুল হাসান এ রায় প্রদান করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ১২ জনকে খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর কৈবতগাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মোতালেব শাহ, একই এলাকার মেনহাজ সর্দারের ছেলে নবাব আলী, এবাদত আলীর ছেলে আমিরুল ইসলাম, জোহা মৃধার ছেলে জহির উদ্দিন।

