বিনোদন ডেস্ক : আজ ঢাকা, তো কাল কলকাতা। চিত্রনায়ক ফেরদৌসের রুটিনটাই যেন এমন। তবে শনিবার ঢাকা থেকে গিয়েছেন পাবনায়। সেখানে ‘পোস্ট মাস্টার ৭১’ শিরোনামে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন নবাগতা নিঝুম রুবিনা। শুধু রুবিনাই নন চলচ্চিত্রের অধিকাংশ চরিত্রেই কাজ করছেন নতুনরা। এ নিয়ে উচ্ছ্বসিত ফেরদৌস নিজেও। নতুনদের মধ্যে নতুন সম্ভাবনা খুঁজে পাচ্ছেন তিনি। সময়ের ফেরে নিজেকে কি কিছুটা পুরনো ভাবতে শুরু করেছেন সুদর্শন ফেরদৌস?
১৯৯৭ সালে ছটকু আহমেদের হাত ধরে ‘বুকের ভিতর আগুন’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন ফেরদৌস। বছর না ঘুরতেই ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে দর্শকদের হৃদয় ভিজিয়ে তুলে। তারপর একে একে শ’খানেক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে ভিন্ন একমাত্রায় নিয়ে গেছেন। ১৮বছরের ক্যারিয়ারে স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু সম্মাননাও জমেছে তার শো কেস-এ।
বড়পর্দায় নিজের প্রাপ্তির কথা ভেবেই এ অঙ্গনকে কিছু দেয়ার সিদ্ধান্ত নেন ফেরদৌস। এ লক্ষ্যে ২০১২ সালে প্রথমবারের মতো নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করেন ‘এক কাপ চা’ চলচ্চিত্রটি। ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চ্যাটার্জির কাহিনী ও চিত্রনাট্যে এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনা ফেরদৌসের সঙ্গে এই চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে নির্মাণের প্রায় বছর খানেক পর ছবিটি গেল বছরের শেষ দিকে মুক্তি পায়। আগ্রহ জাগিয়েও খুব বেশি দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেননি ফেরদৌস।
তবে অর্জিত অভিজ্ঞতাকে কম করে দেখছেন না তিনি। প্রথম প্রযোজনা প্রসঙ্গে ফেরদৌসের মন্তব্য- ‘পরিকল্পনা করে নয়, প্রযোজনায় এসেছি হঠাৎ করে। তবে কাজ করতে গিয়ে বুঝেছি প্রযোজকের দায়িত্বটা অনেক বেশি। ’
‘এক কাপ চা’ মুক্তির আগেই নায়ক জানিয়েছিলেন, তার মাথায় আরেকটি গল্প আছে, গল্পটিকে সিনেমায় রূপ দিতে চান তিনি। সে কথাই রাখলেন এ নায়ক। বছর না ঘুরতেই আবারো প্রযোজনায় ফিরলেন তিনি।
১০ অক্টোবর থেকে পাবনার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হয়েছে, চলবে টানা ১৫ দিন। মুক্তিযুদ্ধ কেন্দ্রীক এই চলচ্চিত্রের নাম ‘পোস্ট মাস্টার ৭১’।
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধাদের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে। মূলত আমাদের মুক্তিযুদ্ধের সময় যে যেখানে কাজ করেছেন সেখান থেকেই দেশকে শক্রমুক্ত করার চেষ্টা করেছেন। যেমন আমার মা ঘরে থেকেও অনেক ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। ঠিক তেমনই একজন পোস্ট মাস্টারের যুদ্ধে অংশ নেয় নিয়েই আমার ছবির গল্প।’
‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটি পরিচালনা করছেন নবাগত নির্মাতা আবির খান। ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন নিঝুম রুবিনা। তবে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা মিলবে মৌসুমীর। তবে এতে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাই বেশি। এদের মধ্যে রয়েছেন রাবিনা বৃষ্টি, অভিসহ পাবনার কয়েকজন থিয়েটারকর্মী রয়েছেন।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সেরা নাচিয়ে প্রতিযোগিতায় আমি বিচারকের দায়িত্ব পালন করেছিলাম। এটা করতে গিয়ে দেখেছি, অধিকাংশ প্রতিযোগীরই যোগ্যতা রয়েছে। কিন্তু তারা ছোটখাটো ভুলের জন্য প্রতিযোগীতা থেকে ছিটকে পড়ছে। এদের অনেকেরই চলচ্চিত্রের প্রতি আগ্রহও রয়েছে। ’
তিনি আরো বলেন, ‘আমার ছবিতে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নেয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের উচিত নতুনদের জায়গা করে দেয়া’।
এদিকে সম্প্রতি কলকাতার নির্মাতা প্রদ্যুত ব্যানার্জির নাম ঠিক না হওয়া এ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন ফেরদৌস। দেশে ফিরেই হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং এ যোগ দেন। সেখান থেকে শনিবার পাবনায় পৌঁছান। নুযহাত ফিল্মসের প্রযোজনায় ‘পোস্ট মাস্টার ৭১’ ছবির কাজ শেষে আবারো কলকাতায় ফেরার কথা রয়েছে ফেরদৌসের।

