স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাই পর্বের শেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছে পোল্যান্ড। বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডভোস্কির রেকর্ড গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা।
এদিকে পোল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ইউরোর চূড়ান্ত পর্বে খেলার জন্য প্লে-অফ খেলতে হবে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে।
রোববার পোল্যান্ডের ওয়ারশ’র ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলার ১৩তম মিনিটে গ্রেগর ক্রিচোউইয়াক’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে জন ওয়াল্টার রিপাবলিক আয়ারল্যান্ডকে সমতায় ফেরান।বিরতির একটু আগে ফের পোল্যান্ডের হয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন রবার্ট লেভানডভোস্কি। ৪২তম মিনিটে হেড থেকে অসাধারণ এক গোল করে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি রেকর্ড গড়েন তিনি। ২০০৮ ইউরো বাছাই পর্বের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের ডেভিড হিলি ১৩ গোল করে রেকর্ড গড়েন। রোববার সেই রেকর্ডে ভাগ বসান লেভানডভোস্কি।
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য রবি কিন ও আইডেন ম্যাগেডিকে মাঠে নামায় আয়ারল্যান্ড। তবে তাতেও কাজ হয়নি আইরিশদের। উল্টো নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে রিচার্ড কিওগ গোলের সহজ সুযোগ নষ্ট করে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ইনজুরি সময়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন আয়ারল্যান্ডের জন ও’শিয়া। ফলে প্লে-অফের প্রথম লেগে নিষিদ্ধ থাকবেন তিনি।
গ্রুপ ‘ডি’ তে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জার্মানি। এক পয়েন্ট কম নিয়ে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বের টিকেট পেল পোল্যান্ড। অন্যদিকে চূড়ান্ত পর্বে খেলতে হলে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডকে প্লে-অফের বাধা অতিক্রম করতে হবে।

