স্পোর্টস ডেস্ক : পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে ছিটকে পড়লেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। অ্যান্ডারসনের পরিবর্তে অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল স্ন্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী মাসের শুরুতে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ব্রিসবেনে শুরু হবে।
পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে গত জুনে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে পড়েন কোরি অ্যান্ডারসন। এরপর কিউইদের আফ্রিকা সফরের দল থেকেও বাদ পড়েন তিনি। অস্ট্রেলিয়ার সফরের দলে প্রাথমিকভাবে জায়গা পেলেও পুরোপুরি সেরে না উঠায় তাকে দল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কোরি অ্যান্ডারসনের ইনজুরি মিচেল স্ন্যাটারের কপাল খুলে দিয়েছে। চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ অভিষেক হলেও এখনো ট্স্টে খেলা হয়নি এই স্পিনিং-অলরাউন্ডারের।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ৫ নভেম্বর ব্রিসবেনের গ্যাবাতে শুরু হবে। এরপর ১৩ নভেম্বর পার্থের ওয়াকা গ্রাউন্ডে দল দুটি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। আগামী ২৭ নভেম্বর থেকে অসি ও কিউইরা অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হবে। ঐতিহাসিক সেই টেস্টে দর্শকরা প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোতে টেস্ট ম্যাচ দেখতে পারবেন।

