স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড থেকে হাত-ছোঁয়া দূরত্বে রয়েছেন ইউনিস খান। মিয়াঁদাদকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ডের সামনে দাঁড়িয়ে বেশ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত মিডল-অর্ডার ব্যাটসম্যান ইউনিস খান। তবে নিজেকে কিংবদন্তী মিয়াঁদাদের সমপর্যায়ের ভাবতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হলে আর মাত্র ১৯ রান করতে হবে দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনিস খানকে। ১২৪ টেস্টে সর্বোচ্চ ৮ হাজার ৮৩২ রান নিয়ে সবার ওপরে রয়েছেন কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ। ১০১ টেস্টে আপাতত ৮ হাজার ৮১৪ রান ইউনিসের। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টেই ইউনিস দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন বলেই মনে হচ্ছে।
দারুণ এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা রোমাঞ্চিত ইউনিস খান বলেন, ‘রেকর্ড গড়তে পারাটা হবে বিরাট ব্যাপার। আমি নিজের ক্যারিয়ারের শুরুতে কখনোই এমনটা ভাবিনি। মিয়াঁদাদকে ছাড়িয়ে যাওয়াটা হবে বিশাল ব্যাপার। তবে তিনি পাকিস্তান ক্রিকেটের একজন কিংবদন্তী, আর আমি তার কাছাকাছি মানেরও কেউ না।’
মিয়াঁদাদকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারলেও বড়ে মিয়াকেই এগিয়ে রাখছেন ইউনিস খান, ‘রান সংখ্যায় তাকে ছাড়িয়ে যেতে পারলেও মিয়াঁদাদ যেই উচ্চতায় উঠেছেন আমার দ্বারা সেটি সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের আইডল।
মিয়াঁদাদের মতো ইউনিস খানও নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর পাকিস্তান ২-০ ব্যবধান টেস্ট সিরিজ জয়ে ৪৬৮ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানের এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।
তবে রেকর্ড নয়, নিজের ভাবনায় সব সময় দেশের হয়ে কিছু করাটাই মাথায় থাকে ইউনিস খানের, ‘রেকর্ড নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি দেশের হয়ে খেলে যেতে চাই। রেকর্ডকে চোখ করে আমি খেলি না। আমি এমন ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পেতে চাই যে সব সময় নিজের দেশের হয়ে খেলে।
দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া নিয়ে চাপে রয়েছেন ইউনিস খান- এমন অভিযোগ নাকচ করে দেন তিনি, ‘আমি স্বাভাবিকই বোধ করছি। আমার ওপর কোনো চাপ নেই। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ। সুতরাং আমি দলের জন্য, নিজের দেশের জন্য সামর্থ্যর সবটুকু নিংড়ে দিতে চাই।’
গত জুলাইয়ে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে হার না মানা ১৭১ রানের ইনিংস খেলে ৩৭৭ রানের চ্যালেঞ্জ অতিক্রম করে পাকিস্তানকে অবিস্মরণীয় জয় এনে দেন ইউনিস খান। সেটি ছিল টেস্টের চতুর্থ ইনিংসে ইউনিসের পঞ্চম সেঞ্চুরি, যা বিশ্বরেকর্ড।
এর আগে ভারতের সাবেক তারকা সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান চতুর্থ ইনিংসে চারটি সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডের অংশীদার ছিলেন। গত জুলাইয়ে রেকর্ডটি একা নিজের করে নেন ইউনিস খান।

