আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার সকালে ন্যাটোর গাড়িবহরকে লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কিছু বেসামরিক লোকজন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
হামলা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ডেনিস বলেছেন, হামলা কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন। তবে তিনি আহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। এছাড়া আহতদের মধ্যে কোনো বিদেশি সেনা রয়েছেন কীনা সে বিষয়েও কিছু জানা যায়নি। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল ব্রিয়ান ট্রিবাস ন্যাটোবাহিনীর ওপর রোববারের ওই হামলার কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার স্থানীয় সময় বেলা সোয়া নয়টার দিকে কাবুলের জুই-ই-শির জেলায় এক বাজারের কাছে সড়কে ওই হামলার ঘটনাটি ঘটে। এলাকার ব্যস্ত সড়কে ন্যাটোর গাড়িবহরকে লক্ষ্য করে এক আত্মঘাতী হামলাকারী ওই হামলা চালায়। এতে ন্যাটো কনভয়সহ আশপাশের বেশ কিছু গাড়ি ধ্বংস হয়।
হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আফগান সেনাবাহিনী ও চিকিৎসা দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল চারপাশ থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
কাবুলে এমন এক সময়ে হামলার ঘটনাটি ঘটল যখন উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের দখল নিয়ে তালেবানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান বাহিনী। লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে ন্যাটো বাহিনী। গতমাসের শেষ নাগাদ অকস্মাৎ শহরটি দখল করে নেয় তালেবানরা। তখন নিজেদের শক্তি সামর্থ নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েছিল আফগান বাহিনী। পরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সহায়তায় তারা শহরের অনেক এলাকা পুনরুদ্ধারে সক্ষম হয়। তবে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহরটি নিয়ে এখনো দু পক্ষের মধ্যে লড়াই চলছে।

