আন্তর্জাতিক ডেস্ক : রিুশ বিমান হামলা শুরু হওয়ার পর দেশটির পশ্চিম অংশে বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ব্যাপক সফলতা পেয়েছে দেশটির সরকারি বাহিনী। রোববার যুক্তরাজ্যভিত্তিক এক মানবাধিকার গোষ্ঠী এ খবর জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এ হামলার সমালোচনা করে বলেছে, প্রেসিডেন্ট বশির আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের ধ্বংস করতেই সেখানে হামলা শুরু করেছে মস্কো। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যূত করতে সিরিয়ায় গত চার বছর ধরে লড়াই চালিয়ে আসছে মার্কিন মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো।
মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, রুশ বিমান হামলার সুযোগ নিয়ে ইদলিব প্রদেশের তাল কিক এলাকাটি দখল করে নিয়েছে সিরীয় সেনাবাহিনী এবং তাদের সহযোগী লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীটি। তারা বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর ওই এলাকাটি দখল করে নেয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’তেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, তাল স্কিক এলাকাটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। রুশ বিমান সহায়তায় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে পরিচালিত অভিযানের সফলতা পেয়েছে সিরীয় বাহিনী। ওই হামলায় ৫০ বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া তাদের প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি ধবংস করা হয়েছে বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে।

