পাঞ্জেরী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, বিদ্যালয় থেকে ঝরেপড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। শিশুদের সৃজনশীল মেধা, মানসিক বিকাশ এবং মননশীলতার উন্নয়নেও বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫’ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন।
তিনি বলেন, ‘শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।’
শিশুর অধিকার বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিককে এক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন,‘ আমাদের সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জাতীয় শিশুনীতি প্রণয়ন করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতিসংঘ ১৯৮৯ সনে শিশু অধিকার সনদ ঘোষণার বহু পূর্বে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিশু আইন প্রণয়ন করেন।’

