স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাই পর্বের ম্যাচে গত বৃহস্পতিবার ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল। আগামী রোববার বাছাইয়ের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ফার্নান্দো সান্তোসের দল। কম গুরুত্বপূর্ণ সেই ম্যাচ থেকে দলের সেরা খেলোয়াড়কে অব্যাহতি দিয়েছে পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি তিয়াগো ও রিকার্ডো কারভালহোকেও অব্যাহতি দিয়েছে পর্তুগাল। দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং নতুনদের পরখ করে নেয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
এদিকে ডেনমার্কের বিপক্ষে ইনজুরিতে পড়ায় আগামী রোববারের ম্যাচে খেলতে পারবেন না রিয়াল থেকে লোনে মোনাকোতে খেলা ফ্যাবিও কোয়েন্ত্রাও। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস ক্রিশ্চিয়ানো রোনালদো ও কোয়েন্ত্রাও এর পরিবর্তে রিকার্ডো পেরেইরা ও রুই ফন্তেকে স্কোয়াডে যোগ করেছেন। জাতীয় দলের হয়ে এই দুই উইঙ্গারের এখনো মাঠে নামা হয়নি।
সান্তোস জানিয়েছেন, রোনালদো চাইলে এখন জাতীয় দল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগ দিতে পারেন। তিনি বলেন, ‘আমি ব্যাপারটি নিয়ে আগেই চিন্তা-ভাবনা করেছি। যদি আমরা আজকের ম্যাচে (বৃহস্পতিবার) জয় পাই তবে পরবর্তী ম্যাচের দলে পরিবর্তন আনবো। কেননা, আমরা উপলব্ধি করতে পেরেছি, এই সময় তাদেরকে অব্যাহতি না দিলে ক্লান্তি পেয়ে বসবে। আমি আপাতত অন্য খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চাই। সুতরাং, ক্রিশ্চিয়ানো রোনালদো, তিয়াগো ও রিকার্ডো কারভালহোকে স্কোয়াডকে থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

