স্পোর্টস ডেস্ক : নিরাপত্তার ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। এটা অনেক পুরানো খবর। নতুন খবর হচ্ছে, আগামী নভেম্বর মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসতে চায় জিম্বাবুয়ে। সূচি জটিলতার কারণে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব থাকলেও হতে পারে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর তাতে অংশ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় এমনটাই জনিয়েছেন।
প্রায় মাস দুয়েক আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। এরপর চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া সিরিজ। তবে সেটি আপাতত না হওয়ায় বাংলাদেশ জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায়, নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে আসার জন্য। সেই প্রস্তাবে রাজি হয়েই জিম্বাবুয়ে বাংলাদেশে আসতে চায় বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার দুবাইতে শুরু হয়েছে আইসিসির বোর্ড বৈঠক। সেখানেই জিম্বাবুয়েকে আনুষ্ঠানিকভাবে সফরের প্রস্তাব দেন বিসিবি সভাপতি। দেশটির ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। জিম্বাবুয়ের সঙ্গে জানুয়ারিতে যে সিরিজ হওয়ার কথা ছিল এ সিরিজটি সেটিরই অংশ। তবে, এবারে শুধু দুটি টেস্ট হওয়ার কথা রয়েছে। ওয়ানডে ও টি২০ সিরিজটি হবে পূর্ব নির্ধারিত সময়েই।
নভেম্বরে জিম্বাবুয়েকে শুধু দুটি টেস্ট ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির কথার প্রসঙ্গ ধরেই নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি আইসিসি’র সভায় এগুলো নিয়ে আলোচনা করবেন। তবে, আমাদের সামনে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। সেটি যাতে টাইট সিডিউলের মধ্যে পড়ে না যায়; সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা চাচ্ছি বিপিএলকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজনের।’
গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছিল, তারা নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসতে চায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চার ম্যাচের টি২০ সিরিজ খেলার প্রস্তাব দেওয়ায় ওই সময় সিরিজটি চূড়ান্ত করেনি বিসিবি। কারণ বিসিবি চেয়েছিল দুটি ওয়ানডে, দুটি টি২০ অথবা তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলতে। কিন্তু তাতে শেষ পর্যন্তু সাড়া মেলেনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।
তবে নভেম্বরে যেহেতু জিম্বাবুয়েকে দুটি টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব জনাবে বিসিবি। তবে যদি জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচ খেলার পরির্বতে একটি টেস্ট ম্যাচ খেলতে রাজী হয়। তাহলে বিকল্প হিসেবে ঠিক ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার কথাও ভাবছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘জিম্বাবুয়ে যদি দুটি টেস্ট খেলতে না চায় তবে, সে ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা আরেকটি অপশন খোলা রাখছি। সেটা হলো জিম্বাবুয়ে টেস্ট খেলতে না চাইলে আর সূচি জটিলতা দেখা দিলে আমরা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করব। বিশেষ করে এ মুহূর্তে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদেরকে অনেক গুলো অপশন নিয়ে ভাবতে হচ্ছে।’

