স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় পর্বের খেলা শনিবার থেকে মাঠে গড়াচ্ছে। বৃষ্টির কারণে প্রথম পর্বের সবগুলো ম্যাচ ড্র হলেও দ্বিতীয় পর্বে জমে ওঠে এনসিএলের মাঠের লড়াই। এরপরও ওই পর্বের দুই ম্যাচ ড্রয়ের মাঝে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় জয়টি তুলে নেয় ঢাকা বিভাগ।
প্রথম স্তরের ম্যাচে পয়েন্ট টেবিলেও শীর্ষে তারা। অন্যদিকে ব্যাক্তিগতভাবে ব্যাট-বলের লড়াইয়ে দুই পর্বের খেলা শেষে ৪২৩ রান নিয়ে ব্যাটিংয়ে শীর্ষে আছেন বরিশাল বিভাগের মোসাদ্দেক হোসেন সৈকত। আর বোলিংয়ে ১৫টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন ঢাকা বিভাগের মোশাররফ হোসেন রুবেল।
জাতীয় লিগের তৃতীয় পর্বে খেলতে চেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা; কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি খেলতে পারছেন না। দ্বিতীয় পর্বে খেলার সম্ভাবনা থাকলেও খেলেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এমনকি তৃতীয় পর্বেও থাকছেন না সাকিব। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন তিনি। বিসিবিও তার ছুটি মঞ্জুর করেছে। যে কোন সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে চেপে বসতে পারেন তিনি। সাকিব না খেললেও, সিলেটের বিপক্ষে শনিবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে রাজশাহীর মুশফিকের।
শনিবার প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগ (২৩ পয়েন্ট) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা মেট্রোর (১০ পয়েন্ট)। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগ (১০ পয়েন্ট) নামবে খুলনা বিভাগের (২০ পয়েন্ট) বিপক্ষে। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম বিভাগের (১০ পয়েন্ট) মুখোমুখি হবে বরিশাল বিভাগ (১৮ পয়েন্ট)। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলতে নামবে রাজশাহী (২১ পয়েন্ট) বিভাগ ও সিলেট বিভাগ (৯ পয়েন্ট)।জাতীয় ক্রিকেট লিগের দুই পর্বেই তিন অংকের ম্যাজিকাল ফিগারের ছোঁয়া পেয়েছেন বরিশালের ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। দুই পর্বে সেঞ্চুরির দেখা পাওয়া এ ব্যাটসম্যান প্রথম পর্বে ১২২ রান করলেও দ্বিতীয় পর্বে তুলে নেন চলতি টুর্নামেন্টের প্রথম ডাবল সেঞ্চুরি।
আর চলতি বছরে এটি ছিল তার ষষ্ঠ সেঞ্চুরি ও তৃতীয় ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে বলাই যায় তুঙ্গে রয়েছে বরিশালের এ বাটসম্যানের বৃহস্পতি। বলাবাহুল্য এনসিএলে বাটসমাসদের সেরা অবস্থানটি তার। প্রথম পর্বে রাজশাহীর বিপক্ষে ১২২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথম ইনিংসে ২০০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৬১ রান।
চার ইনিংসে বাইশ গজের ক্রিজে রানের ফুলঝুড়ি ছড়িয়ে ১৪১.০০ গড়ে ৪২৩ রান সংগ্রহ করেছেন তিনি। দুই ম্যাচে ৩৫টি বাউন্ডারির সঙ্গে পাল্লা দিয়ে ছক্কাও হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৭টি ছক্কা মেরেছেন তিনি। ভালো খেলার পুরস্কারও পেয়েছেন মাত্র ১৯ বছর বয়সি মোসাদ্দেক। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন। শুক্রবার জানালেন, অবনমন চালু হওয়া জাতীয় লিগের এবারের আসরেই দলকে প্রথম স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা।
এদিকে বোলিংয়ে আলো ছড়িয়েছেন ঢাকা বিভাগের মোশাররফ হোসেন রুবেল। প্রথম পর্বের ম্যাচে খুলনার বিপক্ষে সাত উইকেট পেয়েছিলেন ১১৯ রানের খরচায়। দ্বিতীয় পর্বের ম্যাচেও তার ঘূর্ণিতে রংপুর বিভাগকে ফলোঅনে ফেলে ঢাকা বিভাগ। বল হাতে ৬ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন আরো ২ উইকেট। সব মিলিয়ে আট উইকেট।
দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে মোশাররফ হোসেনের ঝুলিতে জমা পড়েছে ১৫ উইকেট। ২৭৭ রান খরচে ১৮.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে এনসিএলের বোলিং তালিকার শীর্ষে ৩৩ বছর বয়সী ঢাকার এই বোলার। দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীর সানজামুল আসলামের উইকেট ১৪টি।
প্রথম স্তরের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
ঢাকা ২ ১ ০ ১ ২৩
খুলনা ২ ০ ০ ২ ২০
রংপুর ২ ০ ১ ১ ১১
মেট্রো ২ ০ ০ ২ ১০
দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
রাজশাহী ২ ১ ০ ১ ২১
বরিশাল ২ ০ ০ ২ ১৮
চট্টগ্রাম ২ ০ ১ ১ ১০
সিলেট ২ ০ ০ ২ ৯

