স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় পর্বের ম্যাচে খেলার কথা ছিল মাশরাফি বিন মর্তুজার। দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলে আবার টেস্টে ফেরার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক; কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাতীয় লিগে খেলা হচ্ছে না আর নড়াইল এক্সপ্রেসের। বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
রংপুরের বিপক্ষে ম্যাচ খেলার জন্য শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির; কিন্তু ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে আগের রাতে তাকে যেতে হলো হাসপাতালে। রাত আড়াইটার দিকে মাশরাফিকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তার গায়ে প্রচণ্ড জ্বর। মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরিও।
প্রাথমিক উপসর্গ দেখে ডেঙ্গু মনে হলেও রক্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে বিসিবির চিকিৎসক নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি। তবে শুক্রবার দুপুরের পরে রক্ত পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ শেষে তিনি নিজেই নিশ্চিত করেন মাশরাফির ডেঙ্গু হওয়ার খবর।
এ বিষয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আগেরদিন রাতে হাসপাতালে ভর্তি হলে আমরা যা আশংকা করছিলাম মাশরাফি সেই ডেঙ্গু জ্বরেই আক্রান্ত হয়েছেন। জ্বরের মাত্রটা কমে এসছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরের কোনো এক জায়গা থেকে রক্ত বের হয়। তার শরীরে রক্তের চাপটাও বেশি। কিন্তু মাশরাফি এখনও তেমনটা হয়নি। চিকিৎসকরা তিন ঘণ্টা পরপর তাকে পরীক্ষা করছেন।’
দেবাশীষ চৌধুরী আশা করছেন দ্রুতই ভালো হয়ে যাবেন টাইগার অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত মাশরাফির অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন শারীরিক কন্ডিশন অপরিবর্তিত থাকলে ৫ থেকে ৭ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে এর মধ্যে তার সকল পরীক্ষা নিরীক্ষা চলবে।’
এদিকে ক’দিন ধরেই মাশরাফির এক বছর বয়সী ছেলে সাহেলও প্রচণ্ড জ্বরে ভুগছে। বুধবার প্রায় সারারাত ছেলের সেবা করার জন্য জেগে ছিলেন মাশরাফি। সাহেলকে স্পঞ্জ করতে হয়েছে তার। বৃহস্পতিবার সকাল হতে না হতেই তিনি অসুস্থবোধ করেন। কখনও কখনও জ্বর ১০২ ডিগ্রি মাত্রাও ছাড়িয়ে গিয়েছিল। রাতে অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভার্তি হন মাশরাফি।

