স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের পর হার নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনাও। মেসিহীন আর্জেন্টিনাকে তাদেরই মাঠে ২-০ গোলের ‘লজ্জাজনক’ পরাজয় উপহার দিয়েছে সফরকারী ইকুয়েডর।
ব্রাজিল যেমন চিলির কাছে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল, ঠিক তেমনি একই ব্যবধানের হার সঙ্গী হয় জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনার। নেইমারহীন ব্রাজিল ৭২ থেকে ৯০- এই ১৮ মিনিটের মধ্যে দুই গোল হজম করে মাঠ ছাড়ে। আর মেসিহীন আর্জেন্টিনা ৮১ ও ৮২ মিনিটে দুই গোল হজম করে।
বুয়েন্স আয়ার্সের মাঠে মেসিহীন আর্জেন্টিনার আক্রমণভাগের মূল দায়িত্ব ছিল ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। কিন্তু আলবিসেলেস্তেদের বিপদে ফেলে খেলার মাত্র ২০ মিনিটেই এই সিটি তারকা মাঠ ছাড়লে আক্রমণভাগের ধার কমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় ইকুয়েডর।
মেসি ও আগুয়েরোকে ছাড়া আর্জেন্টিনাকে এদিন ছন্নছাড়াই মনে হলো। সেই তুলনায় দুর্দান্ত খেলা উপহার দিয়েছে ইকুয়েডর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার মাটিতে পাওয়া তাদের প্রথম জয়টি প্রাপ্যই ছিল।
আর্জেন্টিনার মাঠে খেলার দশম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। অ্যান্টনিও ভ্যালেন্সিয়া ডি বক্সের সামান্য বাইরে থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেফারসন মন্টেরোকে পাস বাড়ান। তবে বলের গতির সঙ্গে তাল মেলাতে না পারায় বলটি ধরতে পারেননি সোয়ানসি সিটির এই উইঙ্গার।
সাত মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। অ্যাঞ্জেল কোরেয়ার শট ইকুয়েডর গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গুয়েজ রুখে দিলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফিরতি বলে পোস্টের খুব কাছ থেকেও গোল করতে ব্যর্থ হন সার্জিও আগুয়েরো।
এর দুই মিনিট পরই মাঠের বাইরে চলে যান সার্জিও আগুয়েরো। মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামা এই সিটি তারকা ইকুয়েডর ডিফেন্ডার গ্যাব্রিয়েল অ্যাসিলিয়েরকে ধাওয়া করতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়লে মাঠের নিয়ন্ত্রণ হারায় আলবিসেলেস্তেরা।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে এগিয়ে যায় ইকুয়েডর। সেগুন্ডো কাস্তিলোর ফ্লিক থেকে বল পেয়ে নিচু এক হেডে সার্জিও রোমেরোকে পরাস্ত করে দলকে আনন্দে ভাসান রাফায়েল ইরাজো।
এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফিলিপ কেইকিডো। ৮২তম মিনিটে ভ্যালেন্সিয়া ডি বক্সের ভেতরে কেইকিডোকে পাস বাড়ান। পোস্টের খুব কাছ থেকে গোল করতে ভুল করেননি এই এসপানিওল স্ট্রাইকার।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচগুলোতে চিলি ২-০ গোলে ব্রাজিলকে, উরুগুয়ে একই ব্যবধানে বলিভিয়াকে এবং প্যারাগুয়ে ১-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে। আর পেরুর বিপক্ষে কলম্বিয়ার জয়টি আসে ২-০ ব্যবধানে।

