স্পোর্টস ডেস্ক : শিরোনাম দেখে চমকে যাবেন না কেউ। অবশ্য চমকে যাবারই কথা। উসাইন বোল্ট আবার কবে হারলেন? যার ক্যারিয়ারের অভিধানে এখনও ‘হার’ শব্দটা লেখা হয়নি, সেটা যুক্ত হলো কবে? কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে? আসলে, বোল্টেরে আলোচ্য হার কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়, অন্য ফিল্ডে। তাহলে শুনুন আসল ঘটনা।
ম্যানচেস্টার ইউনাইটেডের গোঁড়া সমর্থক তিনি। বিষয়টা গোপনও করেননি কখনও; কিন্তু বৃহস্পতিবার সকালে উসাইন বোল্টকে দেখে তো অবাক হওয়ার জোগাড় ভক্তদের। জ্যামাইকান স্প্রিন্ট তারকা ম্যানইউ ছেড়ে আর্সেনালের ভক্ত হয়ে গেলেন কবে আবার!
আর্সেনালের জার্সি পরে বোল্টের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িতে পড়ে, তা দেখে তো রীতিমত অবাক বোল্ট ভক্তরা। কেন তিনি হঠাৎ আর্সেনালের জার্সি পরলেন?
বোল্ট নিজেই পরে ভিডিও পোস্ট করে পরিষ্কার করে দিলেন পুরো বিষয়টা। বাজি ধরেছিলেন তিনি। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে বাজি ধরে হেরে গিয়েছেন। বোল্ট বাজি ধরেন ম্যানইউ জিতবে।
কিন্তু মেক্সিকান টিভি সঞ্চালক প্যাটি লোপেজ ডে লা কার্ডার সঙ্গে বাজিতে গো হারা হারেন ম্যানইউ সমর্থক। অ্যানফিল্ডে গিয়ে ০-৩ ব্যবধানে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে আসে ম্যানইউ। সুতরাং হেরেও গেলেন বোল্ট। বাজির শর্ত ছিল, ম্যানইউ না জিতলে আর্সেনালের জার্সি পরবেন বোল্ট। আর আর্সেনাল না জিতলে ম্যানইউর জার্সি পরবে প্যাটি লোপেজ।
বাজির শর্ত বলে কথা। আর্সেনালের জার্সিই শেষ পর্যন্ত নিজের গায়ে জড়াতে হলো বোল্টকে। শুধু জার্সি পরাই নয়, রীতিমত ছবির জন্যও পোজ দিতে হলো। সেই ছবিই ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। বোল্ট নিজেই আর্সেনালের জার্সিতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাজিতে হেরে পরতেই হল জার্সিটা।’

