বিনোদন ডেস্ক : এক সময় ছিলেন তুমুল জনপ্রিয়। নব্বই দশকের পর থেকে বলিউডের রুপালি পর্দা মাত করা মানেই অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার ঝলক! অভিনয়, নাচ, রূপ আর সৌন্দর্যের স্পর্শে তুমুল দাপট নিয়ে গোটা দুই যুগ তিনি পাড় করেছেন ভারতীয় সিনেমা অঙ্গনে। কিন্তু বিয়ের পর থেকে দীর্ঘদিন ছিলেন বড় পর্দার বাইরে। দীর্ঘ পাঁচ বছর বিরতি শেষে ফিরলেন ভারতীয় সিনেমার এই সম্রাজ্ঞী। ৯ অক্টোবর ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জজবা’। তাই ভারতীয়দের সমস্ত আগ্রহ যেন ঐশ্বরিয়ার ছবিটিকে ঘিরে!
ঐশ্বরিয়া বচ্চনকে সবশেষ দেখা গিয়েছিল ঋত্বিক রোশানের সাথে ‘গুজারিশ’ নামের একটি ছবিতে। এরপর ২০১১ সালে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়ার প্রথম সন্তান আরাধ্য জন্ম গ্রহণ করলে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে আশার কথা, সঞ্জয় গুপ্তের ‘জজবা’র মধ্য দিয়ে রাজষিকভাবেই প্রত্যাবর্তন করলেন ঐশ্বরিয়া। কারণ ছবিটি চলতি বছরে বিশ্বের প্রাচীন ফিল্ম ফেস্টিভাল ‘কান চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শীত হয়েছে।
ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। কারণ তার মেয়েকে কিডন্যাপ করে সন্ত্রাসীরা। আইনের মারপেঁচে কাউকে না পেয়ে নিজেই লয়ারের ভূমিকায় অবর্তীর্ন হন। আর তাকে সাহায্য করে ইরফার খান। যাকে পুলিশ অফিসারের পদ থেকে সাসপেন্ড করা হয়।
ছবিটি শুধু ভারতীয় মিডিয়ার আগ্রহের কারণ নয়, বরং এরইমধ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশকিছু দেশে ঐশ্বরিয়ার ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি শুধু মধ্যপ্রাচ্যে নয়, মুক্তি দেয়া হয়েছে ভারতের শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানেও। ভারতীয় ছবির ইতিহাসে কবির খানের ‘বাজরঙ্গি ভাইজান’ শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, কিন্তু এর পর পরেই ভারতীয় বেশকিছু ছবি পাকিস্তানে নিষিদ্ধ করে দেয়া হয়। এরমধ্যে বাঙ্গিস্তান, ফ্যান্টম এবং ক্যালেন্ডার গার্লস উল্লেখযোগ্য। তবে এবার ঐশ্বরিয়ার জন্য দিল খুশ পাকিস্তানিরা! আর এই ছবিটি ভারতের পাশাপাশি কোনো ধরণের বাধা বিপত্তি ছাড়াই পাকিস্তানের সিনেমা হলেও মুক্তি পেল।
কিন্তু বাঙ্গিস্তান, ফ্যান্টম এবং ক্যালেন্ডার গার্লসের পর হঠাৎ পাকিস্তানিদের কি হলো যে ভারতীয় ছবি নিয়ে তারা উদার হয়ে গেলেন? এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল, ‘বাঙ্গিস্তান’ ছবিটিকে ধর্মীয় ইস্যুতে নিষিদ্ধ করেছিল পাকিস্তান, কারণ তারা এই ছবিটিকে ধর্মীয় স্যাটায়ার হিসেবে বিবেচনা করেছে। অন্যদিকে মুম্বাই বিস্ফোরণ নিয়ে ছবি ‘ফ্যান্টম’ ছিল পাকিস্তানিদের জন্য স্পর্শকাতর একটি ইস্যু। আর ‘ক্যালেন্ডার গার্লস’-কে তারা অশ্লীল জ্ঞান করে মুক্তিতে বাধা দিয়েছিল। কিন্তু ‘জজবা’ ছবিটিতে ধর্মীয় কিংবা অশ্লীলতার কোনো বিষয় নেই। আর এরজন্যেই তারা ছবিটি নিয়ে আগ্রহী হয়েছেন। তবে ধর্মীয় ইস্যু আর অশ্লীলতা ছাড়াও আরো দুটি কারণে পাকিস্তানিরা ‘জজবা’ নিয়ে কোনো আপত্তি করেনি। তারমধ্যে একটি হচ্ছে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন এবং মুসলিম নায়ক ইরফান খানের উপস্থিতি আছে এই ছবিতে!
উল্লেখ্য, বিয়ের পর প্রথমবার রুপালি পর্দায় মুক্তি পেল এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘জজবা’। ঐশ্বরিয়া ছাড়াও ‘জাজবা’-তে অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি ও জ্যাকিশ্রফ।
এখন দেখার বিষয়, দীর্ঘ বিরতির পর ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন নিয়ে মিডিয়া ও ভারতীয় দর্শকদের যে মাতামাতি ছিল, তার কতোটুকু প্রভাব পড়ে ‘বক্স অফিস’-এ!

