আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চলমান সহিংসতায় গত রাতে এক ইরানী সামরিক বাহিনীর কমান্ডার আইএসের গুলিতে নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ওই সামরিক কর্মকর্তা নিহতের খবর প্রকাশিত হয়।
বার্তাসংস্থা এএফপি জানায়, ইরান সামরিক বাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেলের নাম হোসেইন হামেদানি। ইরানী সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি আরও জানায়, সিরিয়ার শহর আলিপ্পোর কাছাকাছি উত্তরাঞ্চলীয় এলাকায় আইএস যোদ্ধারা গুলি করে জেনারেল হামেদানিকে হত্যা করে।
শুক্রবার এক সংবাদবিজ্ঞপ্তিতে ইরানি ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পোরেশনও এ বিষয়ে নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে জেনারেল হামেদানি তার দায়িত্ব অনুযায়ী বিভিন্ন সামরিক নির্দশনা সম্বলিত কিছু রণ কৌশল প্রদানের উদ্দেশ্যে সিরিয়ান শহর আলিপ্পোতে যান। সেখানেই আইএস তাকে হত্যা করে। তবে তার হত্যার ধরণ বা আদৌ সেখানে সিরীয় বাহিনীর সঙ্গে আইএসের পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছিল কিনা তা জানা যায়নি। জেনারেল হামেদানি অনেকদিন ধরেই সিরীয় প্রেসিডেন্ট বাশারের খুবই অনুগত একজন সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ইরানের একটি টেলিভিশন চ্যানেল জেনারেল হামাদানির সিরীয় সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে, ইরানি ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পোরেশন জানায়, জেনারেল হামেদানি সিরিয়ায় উগ্রপন্থী ইসলামিক জঙ্গী সংগঠন আইএসের বিরুদ্ধে আসাদ সরকারকে গুরুত্বপূর্ণ কৌশল সরবরাহের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করতেন। তাঁর যুদ্ধকৌশলগুল ছিল বেশ দরকারি।
ইরান সবসময়ই সিরিয়ার একটি অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবেই বেশ পরিচিত। সিরিয়ায় চলমান আইএস এবং প্রেসিডেন্ট বাশার তথা রুশ বাহিনীর যৌথ বাহিনীকে সহায়তার জন্য ইরানি ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পোরেশনসহ বেশ কিছু সামরিক বাহিনীর বড় এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে সেখানে পাঠিয়েছে।

