নিজস্ব প্রতিবেদক : জীবন যাপন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণা করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে সংগঠনটি গণতান্ত্রিক শ্রম আইন প্রবর্তন ও শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজতি এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের সুপারিশ ও মতামতকে উপেক্ষা করে সরকার মালিক পক্ষের সুপারিশের ভিত্তিতে শ্রম আইন ও বিধিমালা তৈরি করেছে। শ্রমিক স্বার্থবিরোধী সব আইন বাতিলের আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, সম্প্রতি সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করেছে। এর আওতায় পড়ে মাত্র ২১ লাখ মানুষ। কিন্তু দেশের মোট শ্রমশক্তি ৬ কোটি ১০ লাখ। তাহলে বাকি শ্রমিকদের অবস্থা কী হবে?
সংগঠনের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সেলিম মাহমুদ প্রমুখ।

