স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে ২০১২ সালে তিন ম্যাচ টেস্ট সিরেজে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। তিন বছর পর সেখানেই তিন ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে জয়ের পর টেস্টে এই প্রথম পাকিস্তানকে মোকাবেলা করবে দলটি। উপমহাদেশের এই পরাশক্তি দলটি সম্প্রতি বেশ ফর্মে রয়েছে। তাই আসন্ন পাকিস্তান সিরিজকে অ্যাশেজের চেয়েও কঠিন ভাবছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস।
১৩ অক্টোবর তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ঘরের মাঠে মর্যাদার অ্যাশেজ সিরিজে ৩-২ ব্যবধানে জয়ের পর কিছুটা ফুরফুরেই থাকার কথা তাদের। তবে প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলেই হয়তো স্বস্তিতে নেই তারা। তারউপর জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতে দারুণ ফর্মে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে জয় প্রত্যাশা করে পল ফারব্রেস বলেন, ‘আমাদের দলে বেশ কিছু খেলোয়াড় রয়েছে যাদের এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও পূর্বে আমরা এখানে ৩-০ ব্যবধানে হেরেছি তারপরও আমাদের বিপক্ষে তাদের জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে। তবে আশা করছি এর পুনরাবৃত্তি হবে না।’
পাকিস্তানের বিপক্ষে ভালো লড়াইয়ের কথা উল্লেখ করে ফারব্রেস বলেন, ‘মনে হচ্ছে এই দলটির সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলার সুযোগ রয়েছে। আমরা সেরাটা দিয়ে জেতার চেষ্টা করবো।’
২০১২ সালে পাকিস্তানের জয়ের নায়ক ছিল স্পিনাররা। ওই সিরিজে সাঈদ আজমল ২৪ এবং বাঁহাতি স্পিনার আবদুল রেহমান ১৯টি উইকেট নিয়েছিলেন। তবে অভিজ্ঞ সে তারকারা না থাকলেও পাকিস্তানের বর্তমান দলটিতে স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন ইয়াসির শাহ এবং জুলফিকার বাবরদের মতো সেরা তারকারা।
তাই আবুধাবিতে পাকিস্তানের বর্তমান দলটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ফারব্রেস বলেন, ‘আমরা এটাকে খুব কঠিন সিরিজ জেনেই এখানে আসছি। আমি অ্যাশেজ সিরিজ শেষে বলেছিলাম পাকিস্তান সিরিজটি এর চেয়েও কঠিন হতে পারে।’

