তথ্যপ্রযুক্তি ডেস্ক : দুর্বল ইন্টারনেট সংযোগের জন্য নিউজ ফিড হালনাগাদ করেছে ফেসবুক। ফলে কম গতির টুজি ইন্টারনেটেও নিউজ ফিড দ্রুত প্রদর্শিত হবে।
ফেসবুক জানিয়েছে, পৃথিবীর অনেক দেশেই দ্রুত গতির ইন্টারনেট সংযোগ নেই। ভারত, ব্রাজিল এবং মেক্সিকোর মতো দেশে এখনও টুজি ইন্টারনেট সংযোগ ব্যবহৃত হচ্ছে। এসব দেশে ফেসবুক ব্যবহারকারীদের নিউজফিডে ধীর গতিতে ভিডিও এবং ছবি চালু হয়।
ব্যবহারকারীর ইন্টারনেট ধীর গতির হলে ফেসবুক অ্যাপ তা বুঝে নেবে। এরপর অ্যাপটি ভিডিও এবং ছবি নিউজ ফিডে প্রদর্শন না করে টেক্সটগুলো দেখাবে। এতে করে দ্রুত ফেসবুক চালু হবে।
ভারতের নিযুক্ত টম এলিসনের নামের ফেসবুকের এক কর্মকর্তা জানান, ভারতে ধীর গতির ইন্টারনেটের কারণে অনেকেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে অসুবিধায় পড়েন। ফেসবুক চালু হতে দেরি দেখে অনেকেই লগ আউট হয়ে বেরিয়ে যান। কিংবা আর কখনো ফেসবুকে ঢোকেন না।
এসব সমস্যার সমাধানে কাজ করছে ফেসবুক। এখন থেকে ইন্টারনেটের গতি বুঝে নিউজফিডে কনটেন্ট কিংবা ভিডিও চালু হবে ।

