নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কেন, কোনোভাবেই তা সফল হতে দেওয়া হবে না।’
বিদেশি হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ঘটনা দেখে মনে হয়, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে কোনো না কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যখন আমরা কোনো অর্জন করি বা প্রশংসিত হই, তখনই এমন একটা ঘটনা ঘটানো হয়, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদ, নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে; ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয় তা যদি করতে না হতো তাহলে হয়তো আমরা বিশ্বে বাংলাদেশকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারতাম।’

