স্পোর্টস ডেস্ক : ভারতীয় বোলিং আক্রমণের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। ভারতের ভুগার পেছনে তিনি তাদের বোলিং ঘাটতিকেই দায়ী করছেন। শোয়েবের মতে, ভারতের উইকেট নেওয়ার মতো বোলার একজনই, রবিচন্দ্র অশ্বিন।
মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধোনির দলের বোলিং পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়েই একথা বলেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে বসেছে ধোনির ভারত।
শোয়েব আখতারের ভাষায়, ‘ভারতের বোলিং আক্রমণের গভীরতা নেই। একমাত্র অশ্বিনই চার ওভার পুরো করতে পেরেছে। আর কেউ পুরো ওভার করতে পারেনি। এমনকি তাদের ফাস্ট বোলার এবং দ্বিতীয় স্পিনারেরও ঘাটতি রয়েছে।’
ভারতকে টি-২০ খেলার ধরন পরিবর্তন করতে হবে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘মোহাম্মদ শামি আনফিট। উমেশ যাদবকে দলে নেওয়া হয়নি। আমি মনে করি, ভারতকে টি-২০ খেলার ধরনে পরিবর্তন আনতে হবে। ধোনি কম্বিনেশন পরিবর্তন করে একটা চেষ্টা করতে পারেন। আম্বাতি রাইডুর জায়গায় আজিঙ্কা রাহানের খেলা উচিত ছিল।’
কলকাতায় বৃহস্পতিবার হবে তৃতীয় এবং শেষ টি-২০ ম্যাচ। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। শোয়েব ভারতকে ওয়ানডে সিরিজ জেতার জন্য একটা উপায়ও বাতলে দিয়েছেন, ‘আমার বিশ্বাস তারা যদি ওয়ানডেতে তিন জন স্পিনার খেলায়, তাহলে ওয়ানডে সিরিজ জিতবে। কারণ, এটাই তাদের শক্তি।’
ভারতীয় দর্শকদের মাঠে পানির বোতল ছুঁড়ে মারা নিয়ে শোয়েবের মন্তব্য, ‘দল খারাপ খেললে সমর্থকরা ‘ক্ষুব্ধ’ হতেই পারে। কিন্তু মাঠে বোতল নিক্ষেপ করে রাগের বহিঃপ্রকাশ ঘটানো কোনোভাবেই কাম্য নয়। এতে করে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি বাকি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।’

