আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন ২৩ বছরের এক তরুণী। শনিবার রাতে বেঙ্গালোর শহরে এক বাসচালক ও তার সহযোগী মিলে ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি এই নির্যাতনের শিকার হন বলে এনডিটিভি জানিয়েছে।
বেঙ্গালোরের পুলিশ কমিশনার এন এস মেঘারিখ জানিয়েছেন, ওই তরুণী বেঙ্গালোরের এক কল-সেন্টারে কাজ করতেন। তার বাড়ি মধ্য প্রদেশের গোয়ালিয়রে। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের দক্ষিণ-পূর্ব এলাকায় দুই ব্যক্তির হাতে গণধর্ষণের শিকার হন।
স্থানীয় সময় রাত দশটার দিকে অফিস শেষে তিনি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মিনিবাস এসে তাকে লিফট দেয়ার প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হন। যদিও তার সঙ্গে থাকা এক বন্ধু তাকে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি তার নিষেধ অগ্রাহ্য করে যাত্রীবিহীন ওই গাড়িতে ওঠে বসেন। কিছুদূর যাওয়ার পর গাড়িচালক ও তার এক সহকারী মিলে ছুরি দেখিয়ে তাকে তিন ঘণ্টা ধরে ধর্ষন করে। রাত একটার দিকে তারা তাকে একটি মন্দিরের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার বোন ও বন্ধুরা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির এক চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় নিহত হয়েছিলেন মেডিকেলে পড়া এক তরুণী। কাকতালীয়ভাবে তারও বয়স ছিল ২৩। এ ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠেছিল গোটা ভারত।

