বিনোদন ডেস্ক : ক্রিকেটারের খাতায় নাম লেখালেন ভিট-চ্যানেল আই টপ মডেল ও অভিনেত্রী হাসিন রওশন এবং ফেয়ার এন্ড হ্যান্ডসাম তারকা ও অভিনেতা সাজ্জাদ। এখন রাস্তাঘাটে, মাঠে-ময়দানে যেখানে যাচ্ছেন ব্যাট, বল আর স্ট্যাম্প নিয়ে ছুটছেন তারা দু’জন।
না পাঠক, তার অভিনয় ছেড়ে ক্রিকেটারের খাতায় নাম লেখাননি।
চ্যানেল আই এর নতুন ধারাবাহিক ‘মেঘের ওপারে’ তাদেরকে এমন চরিত্রে দেখা যাবে। লোপা কায়সারের উপন্যাস অবলম্বনে কাফি বীরের পরিচালনায় ‘মেঘের ওপারে’ ধারাবাহিক আগামী ৭ অক্টোবর থেকে প্রচার শুরু হচ্ছে।
২৬ পর্বের এই ধারাবাহিকটির গল্পে দেখা যাবে নূপুর (হাসিন) বেশ চঞ্চল টাইপের একটি মেয়ে। গাছে ওঠা, বনবাদাড়ে দৌড়াদৌড়ি, ক্রিকেট খেলাসহ যত ধরনের দস্যিপনা আছে সব করছে নূপুর। মেয়েটির জীবনে এক সময় প্রেম আসে। তবে সেই প্রেমকে আবার তথাকথিত প্রেম বলা যাবে না। তার জীবনে ধনাঢ্য পরিবারের ছেলে রায়হান (সাজ্জাদ) আসে এক ভিন্ন অনুভূতি নিয়ে। নূপুরদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠায় রায়হান। শুরু হয় অন্যরকম এক গল্প।
নানান ঘটনায় এগুতে থাকে ‘মেঘের ওপারে’ ধারাবাহিক। হাসিন ও সাজ্জাদ ছাড়াও আরো অভিনয় করেছেন মাহবুবা রেজানুর, শিরিন বকুল, সাদেক বাচ্চু, মেনেকা, শাহ আলম দুলাল, শামীম, মনিরা ইউসুফ মেমী, সিনথিয়া, সৈয়দ শফিক প্রমুখ। নাটকটির সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদ নবী।
‘মেঘের ওপারে’ আগামীকাল ৭ অক্টোবর থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ রাত ১১.৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

