আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে সোমবার বেথলেহামে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। স্থানীয় পুলিশ ও জরুরি বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
জেরুজালেমের পুরনো শহরে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠেছে পশ্চিম তীর ও এর আশপাশের এলাকাগুলো। এ নিয়ে বেথলেহামের আইদা শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সোমবার দ্বিতীয় দিনের মত সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েলি সেনারা। এসময় ইসরায়েলি সেনারা আইদা শরণার্থী শিবিরে গুলিবর্ষণ করে। এতে প্রাণ হারায় ১৩ বছরের আবদেল রহমান আব্দুল্লাহ।
এ নিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি কিশোর প্রাণ হারালো। এর আগে গত রোববার পশ্চিম তীরের তুলকারাম এলাকায় হুথাইফা সুলায়মান নামে আরো এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছিল।
এ সম্পর্কে ‘আন্তর্জাতিক শিশু অধিকার প্রতিরক্ষা’ সংগঠনের ফিলিস্তিনি প্রধান আয়েদ আবু কোটেশ আল জাজিরা’কে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা এর আগেও ফিলিস্তানি এক শিশুকে হত্যা করেছে। উর্ধ্বতনদের নির্দেশেই তারা এসব অপরাধ ঘটাচ্ছে। তিনি আরো বলেন, ‘ইসরায়েল সরকারের বসতি সম্প্রসারণ এবং প্রাচীর নির্মাণ নীতির বিরুদ্ধে প্রতিরোধকারী ফিলিস্তিনিদের দমিয়ে রাখতেই এইসব হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।’

