নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এরমধ্যে আমির আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলেন- আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, আবুল কালাম ওরফে একেএম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবদীন ও মো. আব্দুল কুদ্দুস।
সোমবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই পরোয়ানা জারি করেন।
এর আগে পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
এসময় তিনি আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৪ অক্টোবর দিন নির্ধারণ করেন।আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন নোয়াখালীর সুধারাম থানায় ১১১ জনকে গণহত্যাসহ তিনটি অভিযোগ রয়েছে।
আসামীদের বিরুদ্ধে গত বছরের ১৬ নভেম্বর তদন্ত শুরু হয়ে গত ৩১ আগস্ট শেষ হয়। ওই দিনই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন তদন্ত কর্মকর্তা।
পাঁচজনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো:
প্রথম অভিযোগ: একাত্তরের ১৫ জুন নোয়াখালীর সুধারামে ৪১ জনসহ শতাধিক ব্যক্তিকে হত্যা-গণহত্যায় নেতৃত্ব দেন পাঁচ আসামি।
দ্বিতীয় অভিযোগ: একাত্তরের ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হত্যা-গণহত্যায় নেতৃত্ব দেন আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর ও মো. জয়নাল আবদিন।
তৃতীয় অভিযোগ: একাত্তরের ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টা থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত ৯ জনকে হত্যা-গণহত্যায় নেতৃত্ব দেন আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর ও মো. ইউসুফ।
তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী ও আবুল কালাম ওরফে একেএম মনসুর সকল অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মো. ইউসুফ ও মো. জয়নাল আবেদিন দুটি এবং মো. আব্দুল কুদ্দুস একটি ঘটনায় জড়িত ছিলেন।
এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে উত্তর ফকিরপুর থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আমির আহমেদ প্রকাশ রাজাকার আমির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমির আহমেদ প্রকাশ রাজাকার আমির আলী ওই এলাকার মোজাফফর আলীর ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাজাকার আমির আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

