আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুজিগে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টিপাতের কারণে রোববার ভূমিধসের ঘটনার ঘটেছে। এতে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে বলে সোমবার নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্যোগে আহত হয়েছে আরো শত শত মানুষ। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক যানবাহন উল্টে গেছে বলে জানা গেছে।
দক্ষিণের গুয়াংডং প্রদেশে রোববার ঝড়ের কারনে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে রাজ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে। প্রবল বাতাসের কারণে বিদ্যুতের তার ছিড়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, পানি এবং টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচাতে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ঘূর্ণিঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে। পানিতে ডুবে থাকায় দুর থেকে বাড়ি-ঘরগুলোকে খেলনার মত দেখা যাচ্ছিল। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ান্নানেও বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে।
রাষ্ট্রীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারনে কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করেছে। ঘূর্ণিঝড়ের পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া প্রায় ৬৪ হাজার জেলে নৌকা ফিরে এসেছে । উপকূলের কিছু দ্রুতগামী রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কিছু পর্যটন এলাকা বন্ধ রাখা হয়েছে। তারা রেড এলার্ট জারি করে জানিয়েছে, রোববার সকাল থেকে কোথাও কোথাও ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

