আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রাচীন শহর পালমিরার আরো একটি প্রাচীন স্থাপনা ধ্বংস করেছে আইএস। স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে ‘বিজয় তোরণ’ নামে পরিচিত ওই স্থাপনাটি প্রায় ২ হাজার বছর আগে নির্মিত হয়েছিল।
পালমিরার মানবাধিকারকর্মী মোহাম্মদ হাসান আল হোমসি সোমবার এএফপিকে জানিয়েছেন, ‘পালমিরার বিজয় তোরণ গুঁড়িয়ে দিয়েছে আইএস।’
ইউনেস্কো ওই নিদর্শনটিকে গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন হিসেবে ঘোষণা করেছিল। অন্যতম এই নিদর্শনটি রোমান বিজয় উদযাপনের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সমাদৃত হয়ে আসছিল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘বিজয় তোরণ’ নামের ওই প্রাচীন স্থাপনা ধ্বংসের বিষয়টি বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত করা গেছে।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদুল করিমও এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি রয়টার্সকে জানিয়েছেন, পালমিরার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আইএস এর দখলে। শহরটি ধ্বংস হয়ে গেছে বলেও দুঃখপ্রকাশ করেছেন তিনি।
পালমিরা একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরে বহু প্রাচীন নিদর্শন থাকায় প্রতিবছর ওই এলাকায় বহু দর্শনার্থীর সমাগম ঘটে। সিরিয়ার সংঘাতের আগে প্রায় দেড় লাখ দর্শনার্থী প্রতিবছর পালমিরায় বেড়াতে যেত বলে জানা গেছে।
ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা জানিয়েছেন, প্রাচীন স্থাপণা ধ্বংস এক ধরণের যুদ্ধাপরাধ। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে আইএসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সিরিয়া থেকে তাদেরকে হটাতে হবে। এছাড়া সিরিয়ার মানুষদেরকে তাদের জ্ঞান, পরিচয় এবং ইতিহাস সংরক্ষণ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

