বিনোদন ডেস্ক : এক হাজার শিল্পীকে সঙ্গে নিয়ে এবার পারফর্ম করবেন স্বনামখ্যাত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার প্রাপ্তির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এ আয়োজনেই ওয়ার্দা রিহাব আর্থ প্যারেড শিরোনামের এক নৃত্যপরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন গত কদিন ধরে।
নাগরিক সংবর্ধনার এই আয়োজনটি আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হবে। ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে ‘আর্থ প্যারেড’ শিরোনামের পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা ও সংগঠন থেকে আসা নৃত্যশিল্পীরা, মঞ্চকর্মী, ঢুলি, মুখোশ ও পাপেট শিল্পীরা। যার সংখ্যা প্রায় এক হাজার। পরিবেশনার সঙ্গে থাকবে পারভেজ, জয়, কিশোরের সংগীতায়োজনে ১৮ মিনিটের একটি মেডলি। এতে কয়েকটি দেশাত্মবোধক, সাঁওতালি ও মণিপুরি গান থাকবে। এদিকে মেডলিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন সংগীতশিল্পী।
এর মধ্যে তিনজন সংগীতায়োজক ছাড়াও থাকছেন মুহিন, রন্টি, সাব্বির, লিজা, পুলক, কোনাল ও পূজা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার তুলে দেয়া হয়। পরিবেশ বিষয়ে সবুজ নোবেল হিসেবে পরিচিত জাতিসংঘের এই পুরস্কারটি।

