স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই শঙ্কা দেখা দিয়েছিল, লিভারপুল কোচের চাকরি হারাতে পারেন ব্রেন্ডন রজার্স। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। রোববার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর রজার্সকে বরখাস্ত করলো লিভারপুল কর্তৃপক্ষ। ম্যাচ শেষে পয়েন্ট হারানোর যন্ত্রণা যখন বিদ্ধ করছিল রজার্সকে, তখনই তাকে ফোন করে ক্লাবের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।
এবছর রাজার্সের কোচিংয়ে একেবারেই ভালো খেলেনি লিভারপুল। শেষ দশ ম্যাচে তো জয় এসেছে মাত্র তিনটি ম্যাচে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন জয়, তিন ড্র এবং দু’টি হারের ফলে দশ নম্বরে রয়েছে লিভারপুল।
২০১২ সালে সোয়ানসি সিটি থেকে অ্যানফিল্ডে আসেন রজার্স। গতবছরই নতুন করে চার বছরের চুক্তিতে সাক্ষর করেছিলেন তিনি। তবে বছরের শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন রজার্স। দল একের পর এক হারছিল কিংবা ড্র করে পয়েন্ট খোয়াচ্ছিল। তখনই আলোচনা ওঠে, চাকরি থাকবে তো রজার্সের?
স্কাই নিউজ সূত্রের খবর, রজার্সের পরিবর্তে লিভারপুলের ম্যানেজার হয়ে আসছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লুপ। লিভারপুল তার সঙ্গে চার বছরের চুক্তি করতে চায়। চলতি মৌসুম শুরুর আগেই বরুশিয়ার চাকরি ছেড়ে দেন ইয়ুর্গেন ক্লুপ।
তবে শুধু ক্লুপই নয়, লিভারপুলের ম্যানেজার পদের জন্য বিবেচনায় রয়েছেন কার্লো আনচেলত্তির নামও।

