নিজস্ব প্রতিবেদক : মা-বাবার পর একজন মানুষের জীবনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন- শিক্ষক। শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়। ৫ অক্টোবর দিনটিকে পৃথিবীর সব শিক্ষকের জন্য উৎসর্গ করা হয়েছে। তবে এ বছর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি নেই। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।
দেশের সব শিক্ষক-শিক্ষিকার দেখভালের জন্য রয়েছে দুটি মন্ত্রণালয় এবং বেশকিছু অধিদপ্তর ও পরিদপ্তর। কিন্তু এবার সরকারি কোনো প্রতিষ্ঠানই শিক্ষক দিবসে কর্মসূচি হাতে নেয়নি। এমনকি খোদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষার উন্নয়ন সংক্রান্ত অসংখ্য কাজ নিয়ে মন্ত্রণালয় সবসময় ব্যস্ত। এর মধ্যে শিক্ষক দিবসের জন্য হয়ত আলাদা করে সময় রাখা হয়নি। তবে শিক্ষকদের সুখ-দুঃখ তো মন্ত্রণালয়ই দেখে।’
এদিকে মন্ত্রণালয়ের এ ধরনের উদাসীনতার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসিচব মো. জাকির হোসেন বলেন, ‘সরকার শিক্ষক সমাজকে বরাবরই অবহেলা করে আসছে। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের প্রতি বিমাতাসূলভ আচরণ শিক্ষক সমাজকে ব্যথিত করে।’
এ প্রসঙ্গে বিভিন্ন শিক্ষক সমিতি ও শিক্ষক নেতাদের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। এতে বাংলাদেশে শিক্ষক দিবস পালন ও শিক্ষকদের মূল্যায়নের জন্য কোনো রাষ্ট্রীয় কর্মসূচি না থাকার নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্সিপাল সামছুল ইসলাম, জোট নেতা অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, বাংলাশে কারিগরী শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন ও মহাসচিব অধ্যাপক আসাদুজ্জামান আকাশ প্রমুখ।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘বিশ্ব শিক্ষক দিবস ২০১৫ জাতীয় উদযাপন কমিটি’ সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদমিনারে র্যালির আয়োজন করেছে। এরপর দুপুর ১২টায় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় ‘সমাজ বদলে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে।

