আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের পুরনো অংশে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ইসরায়েল। রোববার কোনো ফিলিস্তিনিকে শহরটিতে ঢুকতে দেয়া হচ্ছে না। এই অবস্থা আগামী দুদিন ধরে ধরে বিরাজমান থাকবে বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে।
শনিবার ও রোববার দুটি বিচ্ছিন্ন হামলায় দুই ইহুদি নিহত হওয়ার জের ধরে তারা এ পদক্ষেপ নিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। ওই ঘটনায় ইসরায়েলি পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনিও নিহত হয়েছিল।
রোববার সকালে থেকেই জেরুজালেমে প্রবেশের সবক’টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল পুলিশ। যদিও ওই শহরে কোনো ফিলিস্তিনি স্থায়ীভাবে বসবাস করে না।
রোববার সকালে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে এক ইসরায়েলি কিশোর আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও প্রাণ হারায়। এর আগে শনিবার রাতে জেরুজালেমের বাব আল অ্যামাউন্ড এলাকায় অন্য এক হামলায় দুই ইহুদি পুরুষ নিহত এবং এক নারী ও তার শিশু পুত্র আহত হয়েছিল।
এই দুই হামলার পর ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমের আবাসিক এলাকাগুলোতে আগামী দু দিন ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে এই হামলার ঘটনা নিয়ে রোববার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি সেনা হামলার ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। ওই মসজিদ থেকে কমপক্ষে ৪০ ফিলিস্তিনি মুসল্লিকে আটক করেছিল ইসরায়েলি পুলিশ।

