বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের নবম আসর। বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র আসরের বিচারক প্যানেলে আমন্ত্রণ পেলেন মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সকালে ফেসবুকে এমনটাই জানালেন মোস্তফা সরয়ার ফারুকী।
বিচারক মনোননী হওয়ায় ফারুকী এক প্রতিক্রিয়ায় জানান, ‘যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল , জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনাম এর মতো ব্যাক্তিরা বসেছেন সে আসনে বসার আমন্ত্রন আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না । গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ । কান, ভেনিস, বার্লিন , লোকারলো, জাপানে কাপানো সব ছবিগুলো নিশ্চয়ই থাকবে নমিনেশনে । আল্লাহ-ই জানে কি হবে ! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করে অবশ্যই ভালোই লাগছে ।’
এর আগে একই আয়োজনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন এওয়ার্ড’ ২০১৩-তে মনোনয়ন লাভ করে। সে আসরে ফারুকী লড়েছিলেন ইরানী চলচ্চিত্র হানি আবু-আসাদের ‘ওমর’, আসগার ফারহাদি’র ‘দ্যা পাস্ট’ ও হিরোকাজু কোরিয়াদার’র ‘লাইক ফাদার, লাইক সান’ এর সঙ্গে। এছাড়াও ওং-কার ওয়াই এর ‘গ্র্যান্ড মাস্টার’, হাইফা আল-মনসুর’র ‘ওয়াজদা’, এন্থনি চ্যান’র ‘ইলো ইলো’, রিতেশ বাত্রা’র ‘লাঞ্চ বক্স’ চলচ্চিত্রগুলোও সে আসরে মনোনয়ন পেয়েছিল। সবশেষে ফারুকী জিতে নিয়েছিলেন গ্র্যান্ড জুরি পুরস্কার।
তবে এবার নিজেই বিচারক বনে গেলেন ফারুকী। জানা যায়, এবার ফারুকীর পাশাপাশি বিচারক থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ান। সেরা ছবি নির্বাচনে তারা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডঙ-হো’র নেতৃত্বে। তিনি হলেন বুসান চলচ্চিত্র উৎসবের প্রাক্তন চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। সেরা ছবি, পরিচালনা, চিত্রগ্রহণ, চিত্রনাট্য ও অভিনেতা-অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ অক্টোবর।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এ উৎসবের অষ্টম আসরে মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিতব্য চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টে জায়গা করে নেয়। ফলে পুরস্কার হিসেবে তিনি পান ২৫ হাজার মার্কিন ডলার। অ্যাপসা ও মোশন পিকচার্সের যৌথ উদ্যোগে প্রতি বছর চারটি নির্মানাধীন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্রকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার দেওয়া হয়। সে প্রাপ্তিযোগেই হলিউড বলিউড ও দেশের খ্যাতিমান অভিনেতাদের নিয়ে ফারুকী নির্মাণ করতে যাচ্ছেন তার পরবর্তি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’।

