তথ্যপ্রযুক্তি ডেস্ক : কোথাও ঘুরতে বের হয়েছেন। কিন্তু সঙ্গী সাথী কেউ নেই। খুব একা লাগছে আপনার । ভাবছেন আশে পাশে কোনো বন্ধু থাকলে তার সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়া যেতো। উপায় বাতলে দেবে ফেসবুক।ফেসবুক জানিয়ে দেবে আপনার কাছাকাছি কোন বন্ধু রয়েছে কিনা। এই ফিচারটির নাম ‘ডাউন আন্ডার’। যদিও এটি নতুন কোনো ফিচার নয়। এটি অনেক আগেই যুক্তরাষ্ট্রে চালু ছিল। এবার এই সুবিধাটি অস্ট্রেলিয়ায় চালু হলো।
ফেসবুকে ‘নেয়ার বাই ফ্রেন্ড নোটিফিকেশন’ বাটন অন করলেই চালু হয়ে যাবে এই সুবিধা। আপনার ফ্রেন্ড লিস্টের তালিকায় থাকা কোন বন্ধু আপনার ধারে কাছে আসলেই ফেসবুক তা জানিয়ে দেবে।
তবে যারা বন্ধুদের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখতে চান তাদের ঘাবড়ানোর কিছু নেই। ব্যবহারকারী যদি তার অবস্থান জানাতে নারাজ হন তবে ফেসবুক কর্তৃপক্ষ তার অবস্থান অন্যান্য বন্ধুদের নোটিফাই করবে না।
এই ফিচারের প্রোডাক্ট ম্যানেজার এন্ড্রিয়া ভাকারি ম্যাশেবলকে জানান, ফেসবুকের বন্ধুরা কাছাকাছি অবস্থানে চলে এলে তাদের খুঁজে বের করার জন্য চালু হয়েছে এ ব্যবস্থা। ফেসবুকের বন্ধুদের মধ্যে নতুন সুযোগ খোঁজার সহজ উপায় হিসেবে গত বছর চালু হয়েছে এটি।
তিনি আরও বলেন, নেয়ার বাই ফ্রেন্ড নোটিফিকেশন বাটন অন করলেই কেবল এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে ফেসবুক। অন্যথায় নয়। ফেসবুকে প্রত্যেকেরই বন্ধু আছে। আবার অনেকেই বাস্তবিক জীবনে তাদের বন্ধুদের এড়িয়ে চলে। এক্ষেত্রে এই ফিচার ব্যবহারকারীদের উচিত হবে তাদের অবস্থান শেয়ার করার আগে নিকট-বন্ধুদের একটি তালিকা তৈরি করা।
তবে ফেসবুকের এই নতুন ফিচার যুক্তরাষ্ট্রে কতটুকু জনপ্রিয়তা পেয়েছে সে ব্যপারে অস্পষ্টতা রয়েছে।
ম্যাশেবেল ফেসবুকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে ফেসবুকের এক মুখপাত্র জানান, এ পর্যন্ত এই ফিচারটি যেসব জায়গাতে চালু করা হয়েছে সেখানেই এটি জনপ্রিয়তা পেয়েছে।

