আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রুশ বিমান হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই হামলা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে(আইএস) আরো শক্তিশালী করবে। গত তিন দিন আগে সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর এই প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রেসিডেন্ট ওবামা।
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ওবামা অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় যে রুশ হামলা শুরু হয়েছে, তা কেবল আইএসকে শক্তিশালী করবে। এসময় তিনি প্রেসিডেন্ট আসাদের বিরোধিতাকারীদের জঙ্গি হিসেবে উত্থাপনের রুশ দাবিও অগ্রাহ্য করেন। তিনি রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে এই হামলা মস্কোকে ‘গভীর সঙ্কটে’ নিমজ্জিত করবে।
মস্কো বুধবার রাত থেকে সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। তবে সিরিয়া সরকারের বিরোধিতাকারীদের অভিযোগ, আইএস নয়, তাদের হামলার মূল লক্ষ্য হচ্ছে আসাদের বিরোধিতাকারী বিদ্রোহীরা। তাই রুশ আক্রমণের ধরণ পাল্টানোরও তাগিদ দিয়েছেন ওবামা।
প্রেসিডেন্ট ওবামা আরো বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত ক’দিন আগে বৈঠকের সময় তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে, ইসলামিক স্টেট এবং উগ্রপন্থী নয় এরকম বিরোধীদের মধ্যে পার্থক্যটা পুতিন আলাদা করতে পারেন না। তিনি আরো দাবি করেছেন, তিনি মস্কোর সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু, রাশিয়া এখন যে সমস্ত লক্ষ্যবস্তুতে বিমান হামলা করছে তার যদি কোনো পরিবর্তন না করে তাহলে এর পরিণতি রাশিয়ার জন্য খুব একটা ভালো হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

