স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়ায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সংবর্ধনা দিয়েছে বার্নাব্যুর ক্লাবটি। শুক্রবার রোনালদোকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সিআর সেভেনের ছেলে রোনালদো জুনিয়র, মা দলোরেস, কোচ রাফায়েল বেনিতেজ, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজসহ রিয়াল মাদ্রিদের প্রায় সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে রুপোর তৈরি বুট এবং বল তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নিজের ভাষণে রোনালদোকে কিংবদন্তি অ্যাখ্যা দেন রিয়াল সভাপতি। অনুষ্ঠানে সিআর সেভেনের সাফল্যের উপর একটি ভিডিও প্রকাশ করা হয় ক্লাবের পক্ষ থেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে রোনালদো জানান, রাউল ও ডি স্টেফানোর মতো কিংবন্তীকে তিনি ছাড়িয়ে যাবেন এটি স্বপ্নেও ভাবেননি।
রোনালদো বলেন, প্রথম যখন ক্লাবে এসেছিলাম তখন স্বপ্নেও ভাবিনি একদিন আমি সর্বোচ্চ গোলদাতা হয়ে যাব। বন্ধু রাউল ও প্রয়াত ডি স্টেফানোকে ছাড়িয়ে যাব সেটাও ভাবিনি। (রেকর্ড গড়তে পারায়) আমি রোমাঞ্চিত।’
এই চূড়ায় উঠতে পারায় সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জয় করা রোনালদো, ‘আমি সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাচ্ছি। সতীর্থ ও কোচদের সাহায্য ছাড়া আমি এই কীর্তি গড়তে পারতাম না। তারা সবাই আমাকে ক্যারিয়ার-জুড়ে সাহায্য করেছেন।’
গণমাধ্যমের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও তাদের ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি তিনি, ‘আমি প্রচারমাধ্যমকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি, তাদের সঙ্গে আমার সাম্প্রতিক আচরণ কিছুটা কঠোর হয়েছে।’

