স্পোর্টস ডেস্ক : টেস্ট ছেড়েছেন সেই কবেই। বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। একমাত্র আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনো খেলছেন শহিদ আফ্রিদি। দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে ব্যাট ও বল হাতে নেতৃত্ব দেয়ার কথা এই পাক অলরাউন্ডারের। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে অনেকটাই ‘নিষ্প্রভ’ এই মারকুটে ব্যাটসম্যান। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে নিজের এই ফর্মহীনতা নিয়ে উদ্বিগ্ন এই ড্যাশিং অলরাউন্ডার।
নিজের ফর্মহীনতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি ব্যাটিং ও বোলিংয়ে নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন। কেননা, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমার ওপরই ব্যাট ও বল হাতে পারফর্ম করার দায়িত্ব বর্তায়।
সদ্য টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। দেশে ফিরে তিনি লাহোর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সুবিধার জন্য করাচি থেকে নিজের বাসা পরিবর্তন করে লাহোরে উঠবেন বলে জানিয়েছেন।
পাকিস্তানের টি-২০ অধিনায়ক বলেন, ‘আমি (করাচি থেকে) লাহোরে উঠবো এবং আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সেখানেই থাকবো, যাতে করে পুরো-দমে ক্রিকেটে মনোযোগ দিতে পারি, কঠোর পরিশ্রম ও কঠোর অনুশীলন করে নিজের সেরা ফর্ম ফিরে পেতে পারি। পাশাপাশি প্রধান নির্বাচক ও খেলোয়াড়দের সঙ্গে যেন নিয়মিত যোগাযোগ রাখতে পারি।’
৩৫ বছর বয়সী আফ্রিদি জাতীয় দলের হয়ে সর্বশেষ ১০টি টি-২০ তে মাত্র ১১০ রান করেছেন। বোলিংয়ে উইকেট নিয়েছেন মাত্র ছয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), টিম ম্যানেজম্যান্ট ও জাতীয় দলের কোচ ওয়াকার ইউনিস আফ্রিদির পাশে থাকলেও স্বয়ং পাক অধিনায়কই জানেন তার ফর্মে ফেরাটা দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ।
আফ্রিদি বলেন, ‘জাতীয় দলের হয়ে অনেক বছর খেলার পর ধারাবাহিকভাবে ভালো করতে না পারাটা হতাশাজনক। আমি জানি, কঠোর অনুশীলন এবং ক্রিকেটের প্রতি অখণ্ড মনোযোগ শিগগিরই আমাকে সেরা ফর্ম ফিরে পেতে সাহায্য করবে।’

