স্পোর্টস ডেস্ক : সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯ রানের পাহাড় গড়েও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় দল। তবে হারা ম্যাচে অসাধারণ এক রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ তে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার ফিফটি পূর্ণ করলেন তিনি।
আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড জাতীয় দলকে ৪১টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনিকে ধাওয়া করছেন। আর ড্যারেন স্যামি ৩৯টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে খুব কাছেই আছেন।
শুক্রবার ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচটি অধিনায়ক হিসেবে ধোনির ৫০তম ম্যাচ। গত বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ধোনি আগামী বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার পর হয়তো সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকেও বিদায় জানাবেন।
ভারতকে ৫০টি টি-২০ তে নেতৃত্ব দিয়ে ২৬টিতে জয় পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি, হেরেছেন ২২টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত ও অপরটিতে কোনো ফলাফল হয়নি।
অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার পাশাপাশ জয় পরাজয়ের দিক দিয়েও রেকর্ড গড়েন ধোনি। ধোনির সমান ২৬টি ম্যাচ যেমন কোনো অধিনায়ক জিততে পারেননি, ঠিক তেমনি কোনো অধিনায়ক ২২টি টি-২০ ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়েননি।
সমান ২১টি করে ম্যাচ জিতেছেন স্যামি ও পোর্টারফিল্ড। অধিনায়ক হিসেবে পোর্টারফিল্ড ১৭টি ম্যাচে আর স্যামি ১৫টি ম্যাচে পরাজিত হয়েছেন।

