বিনোদন ডেস্ক : বাণিজ্যিক চলচ্চিত্রের সেই মাহিকে ভুলে যান আপাতত। মাহি এখন হুমায়ূন আহমেদের অরু। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে আজ থেকে শাওন নির্মাণ করতে যাচ্ছেন ‘কৃষ্ণপক্ষ’। উত্তরায় আজ এর শুটিং শুরু হয়েছে।
সকালে তাই শুটিংয়ে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সবার দোয়া চেয়েছেন মাহি। এর আগে ১ অক্টোবর শাওন তার শুটিং ইউনিট নিয়ে গিয়েছিলেন গাজীপুরের নুহাশপল্লী। হুমায়ূূনের কবরের সামনে তার সঙ্গে দাঁড়িয়ে মৌন কথপোকথনে জড়িয়েছিলেন শাওন, মাহি, তানিয়া আহমেদ সহ আরো অনেকে।
মাহির সঙ্গে এ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করবেন চিত্রনায়ক রিয়াজ।অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন শাওন।

