চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত ২০ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা নদীর নামোগাছি-হরিপুর-দ্বারিয়াপুর পর্যন্ত শহর রক্ষা বাঁধের সংস্কার না করায় ২টি বাড়ি ভেঙে গেছে। এছাড়াও প্রায় ১শ ঘরবাড়ি ভেঙে যাবার হুমকির মুখে পড়েছে।
কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না থাকায় বাঁধ সংস্কার করা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ভাঙন ঠেকাতে মহানন্দা নদীর তীরে প্রায় ৩৯শ ৮২ মিটার সিসি ব্লক দিয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধ নির্মাণের পর দীর্ঘ ২০ বছরে ধরে বাঁধ সংস্কার করা হয়নি। এছাড়াও সিসি ব্লকের নীচে মাটি সরে যাওয়াসহ অন্যান্য কারণে বাঁধের কিছু কিছু অংশের ব্লক দেবে বসে গেছে। কোনো কোনো অংশের বাঁধ ধসে গেছে। ফলে এ বছরের ২৩ সেপ্টেম্বর দ্বারিয়াপুর নতুনপাড়ার শ্রীমতি দোলার ১টি বাড়ি, ও আনোয়ারা বেগমের ১টি বাড়ি ভেঙে যায়। আর শতাধিক পরিবারের বাড়ি ভেঙে যাবার উপক্রম হওয়ায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাতে অন্য কোথাও গিয়ে থাকছেন।
বাড়ি ভাঙনের শিকার শ্রমতি দোলা রানী জানান, হঠাৎ করে তার বাড়ি ভেঙে যাওয়ায় নিঃস্ব হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া, হুদা মিয়া, তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন, আবু বাক্কার ও সাইদুরের বাড়ি হুমকির মুখে পড়েছে।
বাঁধ সংস্কার করা না হলে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মসজিদ ও ওই এলাকার রাস্তা ভাঙনের মুখে পড়বে বলেও জানান তিনি।
স্থানীয় সমাজসেবক মতিউর রহমান জানান, এ ভাঙনে এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভাঙন প্রতিরোধ এবং সংস্কার না করলে আগামীতে এ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।
এদিকে, এলাকাবাসী বাঁধ সংস্কারের জন্য ২০১৪ সালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করলেও তাতে সারা দেয়নি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, সরেজমিন পরিদর্শন শেষে বাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

