স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। অনুশীলনও শুরু করে দিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগে খেলবেন প্রথম টেস্টের খেলোয়াড়রা।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দলে থাকা ক্রিকেটারদের গত বুধবার নিজ নিজ রাজ্য দলে ফেরার নির্দেশ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সফর স্থগিত হওয়ার পর বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের নিজ নিজ বিভাগীয় দলে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১৮ অক্টোবর শুরু হয়েছিল এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ড। শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে দুই স্তরে চারটি ম্যাচ শুরু হবে। প্রথম স্তরের দুই ম্যাচে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ, আর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো খেলবে খুলনা বিভাগের বিপক্ষে।
দ্বিতীয় স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী বিভাগ, আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ।
এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা বৃষ্টির কারণে জমে ওঠেনি। এমনকি একটি ম্যাচেও চার দিন খেলা হয়নি, ফলও হয়নি কোনো ম্যাচের। সবগুলো ম্যাচই নিষ্প্রাণ ড্র হয়। ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার থাকায় প্রথম রাউন্ডে তারা অংশ নিতে পারেননি। তবে দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলের প্রায় সবাই থাকছেন।

