আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি হারকিউলেস সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে (স্থানীয় সময় ১৯.৩০) জালালাবাদ বিমানবন্দরে সি-১৩০ নামে ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়।
তালেবানরা বিমানটি ভূপাপিত করার দাবি করলেও নিরপেক্ষ সূত্র থেকে তার সমর্থন মেলেনি।
মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রায়ান ট্রিবাস এএফপিকে জানান, নিহতদের মধ্যে ৬ জন সেনাবাহিনীতে কাজ করতেন। বাকিরা বেসামরিক নাগরিক।
সি-১৩০ বিমান সেনাবাহিনীতে সাধারণত সেনা সদস্য ও ভারী মালামাল পরিবহনে ব্যবহার করা হয়।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ‘তারা বিমানটি ভূপাপিত করেছে।’
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করে দেখছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকদিন ধরে তালেবান এবং আফগান সেনাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। মার্কিন সেনারা আফগান সেনাদের সহায়তায় কাজ করছে।
আর এর মধ্যেই সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্র অধিকাংশ সেনাসদস্য দেশে ফিরিয়ে নিলেও আফগানিস্তানে এখনো তাদের ১০ হাজারের কাছাকাছি সেনা রয়ে গেছে। ২০১৬ সালের মধ্যে তাদের সরিয়ে নেয়ার কথা রয়েছে।

