নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধন থেকে বক্তরা আসন্ন দুর্গাপূজায় পূর্ব ঘোষিত সরকারি ছুটি ২৩ অক্টোবর শুক্রবারের পরিবর্তে ২২ অক্টোবর বৃহষ্পতিবার ঘোষণা করা এবং এ বছর থেকেই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি বাস্তবায়নের দাবি জানান।
তারা বলেন, দুর্গাপূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে একদিনের ছুটি থাকায় কারো পক্ষেই পরিবার পরিজনের সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ ও উৎসব আনন্দ উপভোগ করার সুযোগ থাকে না।
তারা বলেন, এবছর বিজয়া দশমী ২২ অক্টোবর বৃহষ্পতিবার হলেও সরকার ছুটি ঘোষিত হয়েছে ২৩ অক্টোবর শুক্রবার যা হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনার কারণ।
পাশাপাশি সারাদেশের পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধানেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি সুমন কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী সভাপতি দেবাশিস সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দে, প্রধান সমন্বয়কারী পংকজ হালদার, সহসভাপতি গোবিন্দ চৌধুরী প্রমুখ।

