নিজস্ব প্রতিবেদক : শিক্ষকদের অসন্তুষ্ট রেখে শিক্ষাখাতে উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষকরা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তারা আমাদের শিক্ষা পরিবারের মূল নিয়ামক শক্তি। শিক্ষকদের অসন্তুষ্ট রেখে শিক্ষাখাতে উন্নতি সম্ভব নয়।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল নিয়ে শিক্ষকদের মধ্যে বিরাজমান অসন্তোষকে বিবেচনায় নিয়েছে সরকার। এর সমাধানে শিক্ষকদের নিয়েই সরকার একটি কমিটি গঠন করেছে। কাজেই শিক্ষকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।’
শিক্ষাখাতে বিভিন্ন সমস্যা এবং তার উত্তরণের বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের কিছু ত্রুটি রয়েছে। সেটা অস্বীকার করছি না। সমস্যাগুলো কাটিয়ে উঠতে আমাদের শিক্ষাপরিবার কাজ করে যাচ্ছে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কিছু বলতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলবে। আমি কিছু বলতে পারবো না।’
ডিআরইউর সদস্য সাংবাদিকদের সন্তানদের মধ্যে যারা ২০১৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে কৃতকার্য হয়েছে তাদের এ সংবর্ধনা ও বৃত্তি দেয় সাংবাদিকদের এ সংগঠন। এবার মোট ৩১জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন, ‘ও’ লেভেলে উত্তীর্ণ দুজন এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ১২জনকে সংবর্ধনা দেয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

