বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে সবচেয়ে দামী অভিনেতা সালমান খান। সিনেমা প্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন এ অভিনেতা। কেননা তার সিনেমা মানেই বক্স অফিসের আয়ের রেকর্ড ভেঙে ফেলা।
সিনেমার পাশাপাশি টেলিভিশনেও সমান সফল তিনি। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রেটিংয়ে বরাবরই শীর্ষে থাকে ‘বিগবস’ রিয়েলিটি শো, সালমানের উপস্থাপনার কারণেই।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ছোট পর্দার জন্য সালমান এবার নিজেই একটি রিয়েলিটি শো নির্মাণ করবেন। সালমানের নতুন এই রিয়েলেটি শো’র নাম ‘ফার্ম’। আর এটি অন্য কোনো সংস্থার নয়, বরঞ্চ সালমানের নিজের প্রযোজনা সংস্থার।
নতুন এই রিয়েলিটি শো প্রসঙ্গে সালমান বলেন, এই রিয়েলিটি শো অনেকটা ‘বিগ বস’-এর আদলে তৈরি হতে চলেছে। তবে পার্থক্যটা হচ্ছে, বিগবসে যেখানে সেলিব্রিটিদের একটি বাড়ির মধ্যে আটকে থাকতে হয়, সেখানে ‘ফার্ম’ রিয়েলেটি শো-তে পুরো একটা গ্রামের মধ্যে থাকার সুযোগ পাবেন সেলিব্রিটিরা।
এই রিয়েলিটি শো সেলিব্রিটিদের গ্রামীণ জীবনযাপনের স্বাদ এনে দেবে। তারা চাষ করবেন, মন দেবেন পশুপালনে। শহরের কৃত্রিমতা ছাড়িয়ে ফিরে যাবেন প্রকৃতির কাছে।
প্রশ্ন হল, সেলেব্রিটিরা তো আর চাষ করতে জানেন না। তা হলে কীভাবে তারা খেলবেন এই রিয়েলিটি শো?
সালমানের জবাব, তার জন্য চাষীদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি, চাষীরা বেতনের বিনিময়ে কৃষিকাজ শেখাবেন সেলিব্রিটিদের। সালমান বলেন, এভাবে সেলিব্রিটিরা দাঁড়াতে পারবে দেশের গরিব চাষিদের পাশে।
তবে ঠিক কবে থেকে এই শো ছোটপর্দায় আসবে, কোন চ্যানেলে দেখানো হবে, কারা যোগ দেবেন প্রথম দফায়— সে সব কিছুই ঠিক হয়নি। পুরো ব্যাপারটাই পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

