স্পোর্টস ডেস্ক : আগের তিন ম্যাচেও সুযোগ ছিল দারুণ এই অর্জনের। কিন্তু পারেননি। তবে চতুর্থ ম্যাচে এসে ঠিকই পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে নিজের ৫০০তম গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা।
বুধবার চ্যাম্পিয়নস লিগে মালমোর বিপক্ষে জোড়া গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের গোলসংখ্যা ৫০১-এ নিয়ে গেছেন সিআর সেভেন।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে নিজের গোলসংখ্যা ৪৯৯-এ নিয়ে যান রোনালদো। কিন্তু এরপর লা লিগায় গ্রানাডা, অ্যাথলেটিক বিলবাও, মালাগা- তিন ম্যাচে কোনো গোল পাননি রিয়াল ফরোয়ার্ড।
অবশেষে আবার চ্যাম্পিয়নস লিগেই সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে গোল করে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছান রোনালদো। আর ৯০ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে গোলসংখ্যা ৫০১-এ নিয়ে যান তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।
এ ছাড়া রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসের রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। রিয়ালের জার্সিতে দুজনেরই গোলসংখ্যা এখন ৩২৩টি করে। অবশ্য রাউল ৩২৩ গোল করতে খেলেছিলেন ৭৪১ ম্যাচ। আর রোনালদো ৩০৮ ম্যাচেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন। আর একটি গোল করলেই রেকর্ডই নিজের করে নেবেন পর্তুগিজ তারকা।
রোনালদো তার ৫০১ গোলের মধ্যে রিয়ালের হয়ে ৩২৩টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, স্পোর্টিং সিপির হয়ে ৫টি ও জাতীয় দলের হয়ে ৫৫টি গোল করেছেন।

