রংপুর প্রতিনিধি : নগরীর তাজহাটে চোলাই মদ ও স্পিরিট খেয়ে দুই সহোদর ভাইসহ ৫ জন মারা গেছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দুই সহোদর ভাই মনু ও নাসিম, আজমেরি, লক্ষণ প্রসাদ ও গফুর। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সোমবার রাতে তাজহাটের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিঠুর বাড়িতে চোলাই মদ ও স্পিরিট খায় একদল যুবক। সেগুলো বিষাক্ত হওয়ায় ঘটনাস্থলেই অসুস্থ হয়ে ৪ জন এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।
এছাড়া গুরুতর অসুস্থ ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, মাস খানেক আগেও ওই বাড়িতে মদ খেয়ে ২ জন মারা যান। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করছে। কিছুক্ষণের মধ্যেই লাশ মর্গে পাঠানো হবে।

