চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর রিয়াজউদ্দিন বাজার ও শাহ আমানত সেতু এলাকায় পৃথক দুটি অভিযানে চার হাজার তিন’শ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে এই অভিযান চালায় কোতয়ালি ও বাকলিয়া থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে কক্সবাজার সদরের আব্দুল গফুরের ছেলে মো. ইলিয়াছ (৩২), ঢাকা জেলার কোতোয়ালি থানার মো. সেলিমের মেয়ে সেলিনা আক্তার বৃষ্টি (২০), টাঙ্গাইল জেলার আবদুল মজিদ (৩৫) ও চট্টগ্রামের এসএম ওয়াহিদ (৩০)। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘রেয়াজউদ্দিন বাজার এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।’ এদিকে বাকলিয়া থানার ওসি মোহম্মদ মহসিন বলেন, ‘সোমবার রাত দুইটার দিকে কক্সবাজার থেকে বাসযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসছিলো ইলিয়াছ ও বৃষ্টি। পুলিশ শাহ আমানত সেতুর চেকপোস্টে তাদের ব্যাগ তল্লাশি করে ৫০০ শত পিস ইয়াবা উদ্ধার করে।’ আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশের এই দুই কর্মকর্তা।

