সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে সংঘর্ষে দুইজন বনডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। সোমবার রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বড় কুপোট গ্রামের পাশে নওয়াবেকী জামান ব্রিকসে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতরা হলো- সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিতলপুর গ্রামের আলিমুদ্দীন গাজীর ছেলে সুন্দরবনের আলাল বাহিনীর প্রধান আলাল গাজী উরফে আলাউদ্দীন (৪৫) ও ৯নং সোরা গ্রামের রশিদ সরদারের ছেলে সাইদুল (৩০)। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি দা ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ডাকাতরা রাতে নওয়াবেকী জামান ব্রিকসের পাশ দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে। খবর পেয়ে ওই স্থানে অবস্থান নেয়া হয়। ফোর্সদের দেখে ইট-ভাটার মধ্যে পালিয়ে গেলে পিছু নেয়া হয়। এসময় ফোর্সদের লক্ষ করে তারা ইট-পাটকেল ছুঁড়ে মারে। ফোর্সরাও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এতে বাহিনী প্রধানসহ দুই বনডাকাত গুরুতর আহত হয়। ডাকাতদের ছোঁড়া ইটের আঘাতে তিন ফোর্স আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলো- এসআই নাজমুল হাসান, এসআই আব্দুল কাদের ও কনেস্টেবল সোনা মিঞা। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

